

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। মাছটি ঢাকায় ৬৭ হাজার টাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে অনলাইনে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটের ভাটিতে কলাবাগান এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, ওই জেলের নাম ওমর হালদার। তিনি মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে উন্মুক্ত নিলামে দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিকেজিতে ৫০ টাকা লাভে ৬৭ হাজার টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পাঙাশ মাছটি বিক্রি করেছি। দুপুরে মাছটি ডেলিভারি দেওয়া হয়।
