

মোহাম্মদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে দাবি করা ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মিতব্য ১০ তলা ভবনে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানার চিকনদণ্ডী ইউনিয়নের রাজখাইন পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী হাজী মোঃ জসিম সওদাগরের কাছে কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন মোবাইল নম্বর থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখা, গোডাউন জ্বালিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয় তারা।
এরই জেরে রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে একটি লেগুনা গাড়িতে করে ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র দুষ্কৃতকারী এসে ব্যবসায়ীর নির্মিতব্য ভবনে অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণশ্রমিক আহত হন। যাওয়ার সময় সন্ত্রাসীরা চাঁদা না দিলে নির্মাণকাজ চিরতরে বন্ধ রাখার হুমকি দিয়ে সটকে পড়ে।
ঘটনার পরপরই খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মোঃ জসিম সওদাগর তার এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে এবং অজ্ঞাতনামা চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, "আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদা না দেওয়াতেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে এবং গুলি বর্ষণ করেছে। আমরা চাই প্রশাসন যেন সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনে।"
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"
