

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববারে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা হরতাল পালন করেছেন।
হরতালের কারণে ফেনী-চট্টগ্রাম-রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো-গহিরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
অন্যদিকে, একই দিন বিকেলে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ভুজপুর স্কুল এন্ড কলেজে জনসভা ও সড়কে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এতে ভুজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের বাসিন্দারা অংশ নেন। এছাড়া নারায়ণহাট ইউনিয়নের একটি অংশের বাসিন্দারাও সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা নতুন উপজেলা ঘোষণাকে সরকারের ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থের কথা বিবেচনা করে ভুজপুরের পশ্চিম মৌজায় সদর দপ্তর ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
সাংবাদিক আজগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ভূজপুর ইউপি চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা জুনাইদ বিন জালাল, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ, জামাল উদ্দিন সিকদার, ওসমান চৌধুরী, ইয়াকুব শহিদ, ডা. আবুল কালাম রুবেল, জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এসএম নজরুল ইসলাম, মাওলানা শামসুল আলম, মামুন বশর ভূইয়া, এমদাদ হাসান, শেখ ইব্রাহিম মেম্বার, মুসলিম মেম্বার, এম. নিজাম উদ্দিন, মুনসুর চৌধুরী, এবং মুহিব্বুল্লাহ আমিনী, বখতিয়ার তালুকদার, তারেকুল ইসলাম, জয়নালসসহ গণ্যমান্য ব্যক্তিরা।
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরকে কেন্দ্র করে এলাকায় ভিন্নমুখী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একদিকে উত্তরাঞ্চলের বাগানবাজার, দাঁতমারা, নারায়নহাট ইউনিয়নের বাসিন্দারা সদর দপ্তর উত্তরাংশে স্থাপনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভুজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের বাসিন্দারা সরকারের ঘোষিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন।
