ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৬

দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় দুর্গম ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী সহিংসতা ও নাশকতা রোধে সীমান্ত ও পাহাড়ি এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তিনি জানান, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা এবং পানছড়ি ও দীঘিনালা উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টিসহ মোট ২৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা নড়াইছড়িতে অবস্থিত ১টি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে মোট ২৭টি দুর্গম ভোটকেন্দ্র বিজিবির কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় রয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ, ঝুঁকি বিশ্লেষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জানানো হয়, ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram