ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১০
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

যশোরে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার: হোটেল ম্যানেজার গ্রেফতার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

যশোর প্রতিনিধি: যশোর শহরের উপশহর এলাকায় একটি আবাসিক হোটেল থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ রবিউল ইসলাম ওরফে নিরব (৩০) নামে এক যুবককে গ্রেফতারের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে গ্রেফতার হওয়া নিরবের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) গভীর রাতে যশোর ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল উপশহর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন বন্ধু আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে রবিউল ইসলাম নিরবকে আটক করা হয়। পরে ওই কক্ষের বিছানার নিচে পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

যশোর ডিবির ওসি মোহাম্মদ আলী বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিউল ইসলাম নিরবের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।” তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে গ্রেফতার হওয়া নিরবের স্বজনরা দাবি করেছেন, রবিউল ইসলাম নিরব বর্তমানে উপশহর এলাকার বন্ধু আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে হোটেলটির ম্যানেজার ছিলেন মোঃ নাহিদ হোসেন। অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেল মালিক মো.সাইদুর রহমান ওরফে সোহেল রানা গত ফেব্রুয়ারিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। পরে নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবিউল ইসলাম নিরবকে।

পরিবারের অভিযোগ, ম্যানেজারের পদ হারানোর ক্ষোভ থেকেই নাহিদ হোসেন ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে নিরবকে ফাঁসিয়েছে। তাদের দাবি, এর আগে কয়েকজন সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আসা একটি দল হোটেলে ভাঙচুর চালায় এবং নিরবকে মারধর করে হোটেল ছাড়ার হুমকি দেয়। কিন্তু তিনি দায়িত্ব পালন চালিয়ে যাওয়ায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

রবিউল ইসলামের পরিবার আরও দাবি করেছে, নাহিদ হোসেন এর আগেও থানায় মিথ্যা অভিযোগ করার হুমকি দিয়ে নিরবকে হোটেল ছাড়তে চাপ সৃষ্টি করেছিল।

এ বিষয়ে বন্ধু আবাসিক হোটেলের মালিক সাইদুর রহমান সোহেল রানা বলেন, “পূর্বের ম্যানেজার নাহিদ হোসেনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ ছিল। এ কারণে তাকে দায়িত্ব থেকে সরানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে সে এমন ঘটনা ঘটাতে পারে।”

তিনি আরও জানান, ব্যবসায়িক কারণে পেশাগত দায়িত্ব তাকে বেশিরভাগ সময় ঢাকায় থাকতে হয়। তাই হোটেলের দৈনন্দিন দায়িত্ব ম্যানেজারের ওপরই থাকে। তার অনুপস্থিতিতে যদি কোনো অনিয়ম ঘটে থাকে, তার দায় ম্যানেজারকেই নিতে হবে।

এদিকে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় আরও কয়েকজন যুবকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। একদিকে পুলিশের দাবি—হোটেলের কক্ষ থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে; অন্যদিকে গ্রেফতার ব্যক্তির পরিবার বলছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ফলে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram