

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর এশিয়ার বৃহত্তর শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়ন যাদুকাটা নদী সংলগ্ন এশিয়ার বৃহত্তর শিমুল বাগানের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন পাড় কেটে নিয়ে গেছে। আরও নিয়ে গেলে এই শিমুল বাগান বিলীন হয়ে যাবে। শুধু শিমুল বাগানেই না কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে বিলীন হয়েছে হাজার হাজার পরিবার, এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এছাড়াও এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নিজের হাতে আইন না নেয়া ছাড়া পাড়কাটা বন্ধ হবে না, শিমুল বাগানও রক্ষা হবে না বলে জানিয়েছেন বক্তাগণ।
তারা আরও জানায়, প্রশাসনের পক্ষে এখনই জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যটন কেন্দ্র বিলীন হয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানোর ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদল সভাপতি আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল যুবদল সহ সভাপতি দুলাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

