

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা প্রতারণা ঠেকাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান ও মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস এর নেতৃত্বে বানেশ্বর বাজারের বিভিন্ন কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানে এ তদারকি কার্যক্রম চালানো হয়। এসময় দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা, বিক্রয়মূল্য এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়, ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই অতিরিক্ত দাম আদায় করা যাবে না। ক্রেতাদের সঙ্গে প্রতারণা বা অযৌক্তিক মূল্য বৃদ্ধি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় বাজারে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

