

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু জাফর মজুমদার। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবু জাফর মজুমদার এর আগে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানকার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করে তাঁকে আনোয়ারায় পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর আবু জাফর মজুমদার বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়াই তাঁর অগ্রাধিকার। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন এসিল্যান্ডের নেতৃত্বে ভূমিসেবা আরও গতিশীল হবে এবং নামজারি, খাজনা, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবার মান আরও উন্নত হবে।
