

মানিকগঞ্জ প্রতিনিধি: লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশগত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিককে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌর এলাকার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টার ও শুশ্রূষা হেলথ কেয়ার-এ লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশগত মান বজায় না রাখা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করা হয়। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পৌরভবনের সামনে অবস্থিত নগর ডায়াগনস্টিক সেন্টার-এ লাইসেন্স নবায়ন না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্ত মেনে পরিচালিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, “জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
