

নিজস্ব প্রতিবেদক , কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় র্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত চক্র দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার জেলার রামু থানার ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রাম এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্র লুকিয়ে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিপিএসসি, র্যাব-১৫-এর একটি আভিযানিক দল এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত ৩টি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ আরও জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
