ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2025

সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে আজ সম্মাননা দেবে যুবদল

জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে আজ সম্মাননা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে এসব পরিবারকে সম্মাননা, উপহার এবং আর্থিক অনুদান প্রদান করা হবে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, সোমবারের (৪ আগস্ট) অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শন হবে না। বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন। 

তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে।

যুবদল সভাপতি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতোমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে। সোমবার যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেওয়া হবে।

জুলাই-আগস্টকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, আপনারা নিজেদের কণ্ঠকে সংযত করুন। কারণ, রাজনীতিতে সব সময় দুইয়ে-দুইয়ে চার হয় না। রাজনীতির মাঠ গরমের চেষ্টা করবেন না। যুবদল জনগণের পালস বুঝে কর্মসূচি পালনের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram