

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাটলা মেধাবিকাশ স্কুল পরিদর্শন করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের কাটলা মেধাবিকাশ স্কুলে তিনি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ওসি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন। পাশাপাশি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।
বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ায় কাটলা এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। এ ধরনের পরিবেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ওসির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে কাটলা মেধাবিকাশ স্কুলের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন ওসি আব্দুর রাজ্জাক। তাঁর এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা আরও সচেতন হবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০১০ সালে প্রতিষ্ঠিত কাটলা মেধাবিকাশ স্কুলে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক। সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হলেও শিক্ষকদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও সুশৃঙ্খল পাঠদান কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, সাধারণ বিদ্যালয় হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর মাথায় টুপি পরিহিত অবস্থায় উপস্থিতি এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার বিষয়টিও প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চোখে পড়ে।
শিক্ষা, নৈতিকতা ও সচেতনতার সমন্বয়ে সীমান্তবর্তী এলাকার নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার এ প্রচেষ্টা প্রশংসনীয়। স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
