

মো. আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, বিস্ফোরক ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
বুধবার দিবাগত রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহল পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের আনুমানিক ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থানে থাকা চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা চরচারতলা পাথরবাড়ির মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ির সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।
গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি হেক্স ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক এবং হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
