ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

ফকিরহাটে ভিক্ষুক নারীর টাকা আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে ইউপি সদস্যের প্রতারণা

​মো. সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে এলজিইডি কর্মসূচির আওতায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হতদরিদ্র ভিক্ষুক নারীর কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুস সালামের বিরুদ্ধে। দীর্ঘদিনেও চাকরি না দেওয়ায় এবং পরিশোধিত টাকা ফেরত না পেয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী মিনা দাস (৩৫)। অভিযুক্ত ইউপি সদস্য শেখ আব্দুস সালাম লখপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, মিনা দাস চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিনাতিপাত করেন। বাঁশের চাটাই তৈরির কাজ এবং মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে তার সংসার চলে। সম্প্রতি লখপুর ইউনিয়ন পরিষদের অধীন এলজিইডি কর্মসূচির একজন নারী শ্রমিকের বদলি হিসেবে তিনি রাস্তার পাশে কাজ করার সুযোগ পান। অভিযোগ সূত্রে আরও জানা যায়, সেই সুবাদে লখপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শেখ আব্দুস সালাম তাকে প্রলোভন দেখিয়ে জানান যে, ১২ হাজার টাকা দিলে তাকে ৩ বছরের জন্য উক্ত কর্মসূচিতে স্থায়ী শ্রমিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়া হবে।

​অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারের গৃহবধূ হওয়ায় মিনা দাসের নিজের কোনো সঞ্চয় ছিল না। অভিযোগ সূত্রে প্রকাশ, কিন্তু একটি স্থায়ী কর্মসংস্থানের আশায় তার শাশুড়ি লখপুর বাজারের এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ এনে ইউপি সদস্য শেখ আব্দুস সালামের হাতে তুলে দেন। অনেক দিন পেরিয়ে গেলেও ইউপি সদস্য কথা রাখেননি এবং তাকে কোনো চাকরিও দেননি। এদিকে চাকরি না মিললেও ঋণের বোঝা ঠিকই চেপে বসেছে এই অসহায় পরিবারের কাঁধে। প্রতি মাসে নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে তাদের। একদিকে সুদের টাকার বোঝা দিন দিন বেড়েই চলেছে, অন্যদিকে স্থায়ী চাকরি না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ওই নারী।

​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নারীর শাশুড়ি বলেন, “বউমার কাজের জন্য আমি সুদে টাকা এনে দিয়েছিলাম সালাম মেম্বারকে। কিন্তু টাকাও ফেরত পাইনি, বউমার কাজটাও হলোনা। আমি সালাম মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

​অভিযোগ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পেয়ে তিনি মেম্বারের কাছে তাগাদা দেন। বারবার তাগাদা দেওয়ার পর অভিযুক্ত মেম্বার মাত্র ৪ কিস্তিতে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা এখনো আত্মসাৎ করে রেখেছেন এবং নানা টালবাহানা করছেন।

​এলাকাবাসীর কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পুরো বিষয়টি জানি। এ নিয়ে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ-বসাবসিও হয়েছিল। মেম্বার কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো দেয়নি এবং গরিব মানুষটার সাথে অবিচার করছে।”

​এ বিষয়ে অসহায় নারী মিনা দাস বলেন, “মেম্বার সাহেব আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছেন। আমি গরিব মানুষ, মানুষের কাছে ভিক্ষা করেও সুদে টাকা এনে দিয়েছিলাম। এখন চাকরিও পাইনি, উল্টো প্রতি মাসে চড়া সুদের টাকা গুনতে গিয়ে আজ আমরা পথে বসেছি। আমি এর সঠিক বিচার চাই।”

​এদিকে অভিযুক্ত ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি দাবি করেন, “আমি ২ হাজার টাকা নিয়েছিলাম, আমাকে জোর করে দিয়েছিল। পরবর্তীতে কয়েকবারে ওই ২ হাজার টাকা পরিশোধ করেছি।” তবে তার এই দাবির বিষয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান বলেন, “এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন হতদরিদ্র ভিক্ষুক নারীর সাথে এমন প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram