ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

জলবায়ু পরিবর্তনের আঘাত মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সকল দেশগুলোর সন্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

মোঃ শহীদুল হক
আন্তালিয়া, তুরস্ক থেকে

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজ নিজ দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে বলে মনে করেন মাননীয় প্রতিমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অভিন্ন স্বার্থে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গতকাল তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক নীতিসংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা প্রয়োজন। চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে ঋণ এসেছে ৭ ডলার ৭৮ সেন্ট। এ ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব ও বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ প্রয়োজন।

সংলাপে তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের ড. মুস্তাফা বার্ক দুয়গু, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা, আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ড. মনোহরা খাড়কা এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সেজাল প্যাটেল বক্তব্য দেন। তারা নদী ও পানিসম্পদ সুরক্ষা, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram