ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

আগামীকাল কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জসিম সিদ্দিকী, কক্সবাজার: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে কক্সবাজার আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন। ১৯৭৯ সালের ডিসেম্বরে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে খালটির খননকাজের সূচনা করেছিলেন। পারিবারিক ও ঐতিহাসিক সেই স্মৃতির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

পিএমখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শামশুল হক জানান, পাতলী খালের পুনঃখনন সম্পন্ন হলে অন্তত দুই লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় ‘জিয়া স্মৃতি পার্ক’ নির্মাণের দাবি জানিয়েছেন।

এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলে সরকারের আগামী পাঁচ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশব্যাপী একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা, মাতামুহুরী উপজেলা এবং মাতামুহুরী থানার উদ্বোধন করবেন।

বিকেলে বিরতির পর চকরিয়া উপজেলা বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় কক্সবাজারের সুধীজনদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের প্রতিটি কর্মসূচি সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয়ও ইতোমধ্যে শেষ হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram