

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে দিনাজপুরের ঘোড়াঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা রাত ৭ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওসার শেখ এর সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। শুরুতেই তিনি অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে প্রকল্পগুলোর মূল্যায়ন এবং সফল উদ্ভাবকদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী কাজ এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এ কর্মসূচির আওতায় এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়িত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধায় প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর মাঝে বকনা বাছুরের খাদ্য বিতরণ এবং উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়।
