ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৪
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

প্রশাসনে ‘ঈদ উপহার’ যুগ্ম সচিবে পদোন্নতি

আসন্ন ঈদের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি আসছে। বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তারা এ পদোন্নতি পাচ্ছেন। প্রশাসনের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা একে ‘ঈদ উপহার’ মনে করছেন। গত শনিবার তাদের পদোন্নতি দিতে সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি) সভা করেছে। বোর্ড সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত প্রশাসন ক্যাডার ২৪ ব্যাচের প্রায় ৩শ কর্মকর্তা এবং অন্যান্য ২৫টি ক্যাডারের প্রায় এক শ কর্মকর্তা পদোন্নতিযোগ্য হিসেবে বিবেচনায় রয়েছেন। এ ছাড়াও বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে যুগ্ম সচিব পদে পদোন্নতিবঞ্চিত ছিলেন এমন অর্ধশতাধিক কর্মকর্তা বিবেচনায় রয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। আপাতত ৪শ কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদনের জন্য শিগগির প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হতে পারে। অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) শাখার অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, গত শনিবার এসএসবির সভা হয়েছে। সেখানে যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি ছিল। তবে কতজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

জানা গেছে, বিসিএস ২৪ ব্যাচের বেশকিছু সংখ্যক কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তারা পদোন্নতি পেলে তাদের জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের অনুবেদন, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা, গোয়েন্দা তথ্যসহ সামগ্রিক বিষয় এসএসবির সভা পর্যালোচনা করেছে। এতে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে ২৫, ২৭ ও ২৮ ব্যাচ থেকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন কর্মকর্তা। এ পদে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা রয়েছেন। তার পরও আরেক দফা যুগ্ম সচিব পদোন্নতিযোগ্যদের পদোন্নতি দিতে একাধিক বৈঠক করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। সভায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত এই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ নিয়েও এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য হাওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন। দলীয় তকমা লাগিয়ে কথা বলায় এই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত সেই ব্যাচের প্রায় তিন শতাধিক কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়াও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তা ও বঞ্চিতরাও পদোন্নতি পাচ্ছেন। সব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের আমলনামা, এমনকি ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক সব বিষয় সম্পর্কেও গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram