ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2026

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে অপরিকল্পিত ওভারলোড, বালুবাহী ট্রাকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের পর্যটন সমৃদ্ধ জনপদ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম ঝুঁকির মুখে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াতের এই পাহাড়ি আঁকাবাঁকা সড়কটি অতিরিক্ত বোঝাই (ওভারলোড) বালুবাহী ট্রাকের কারণে ধীরে ধীরে ফেটে ও দেবে যাচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত বালু বহনের ফলে গ্রামীণ জনপদের এই জনগুরুত্বপূর্ণ অবকাঠামোটি ধ্বংসের পথে।

সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই রাস্তায় ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি ওজন নিয়ে চলাচল করছে বালুবাহী ভারী যানবাহনগুলো। ট্রাক থেকে উপচে পড়া বালু পুরো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর ফলে পাহাড়ি ও এবড়োখেবড়ো এই পথে বিশেষ করে দুই চাকার বাহন—মোটরসাইকেল চালকদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বালুর ওপর চাকা পিছলে (স্লিপ করে) প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় রয়েছে এলাকাবাসী ও পর্যটকরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির এই বেহাল দশা এবং ওভারলোড গাড়ির দৌরাত্ম্য নিয়মিত দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো নজরদারি বা পদক্ষেপ নেই বললেই চলে। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন শত শত পর্যটক শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করেন। সড়কটি ভেঙে গেলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।

ভুক্তভোগী চালক ও স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে সড়ক রক্ষায় ওভারলোড বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে এবং রাস্তায় পড়ে থাকা বালু দ্রুত পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট কতৃপক্ষকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram