

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ‘জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন, তাকেই জানাই অভিনন্দন’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া কলেজের সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু এবং দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল হালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধানসহ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, হাতিয়া উপজেলায় ৫৩টি স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে তাদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
