

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য বিপদে পড়েছেন। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও আলবার্ট (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। বিকালে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪) পরিবারের সদস্য বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্টকে (১৬) নিয়ে নিজস্বভাবে তৈরি কাঠের নৌকায় সাগরে ভ্রমণে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনাবশত ডুবে যায়।
নৌকাডুবির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে এ সময় আলবার্ট নিখোঁজ হয়ে যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, নাজিরারটেক মোহনায় নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের ওই পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কিশোর আলবার্টের সন্ধানে নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
