ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2026

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭ পরিবারের মাঝে ৯৭ লাখ টাকার চেক প্রদান

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ জনের পরিবারের সদস্যদের মাঝে মোট ৯৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৭ পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেশি। দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। তবে একটি জীবনহানির ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে পরিবারটি যে দুরবস্থার মধ্যে পড়ে, তা কেবল ওই পরিবারের সদস্যরাই অনুভব করতে পারেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত পরিবারের পাশে দাঁড়াতেই সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। সরকারের দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহার করে অভিভাবক হারানো পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ জামির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।

এ সময় বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকার চেক দেওয়া হয়। চেক গ্রহণ করেন রমেশ চন্দ্র মৃধা, সুমাইয়া পারভীন, সাঈদ আলী, জি এম শাহানুর রহমান, মো. ওজিয়ার রহমান গাজী, রিজাউল ইসলাম মিঠু, কামরুন্নাহার, সুকজান খাতুন, এম এস টি এলিজা আক্তার, মমতাজ পারভীন, চপলা কর্মকার, সুপ্রিয়া রানী খাঁ, মো. আব্দুস ছালাম, তাপিয়া সুলতানা ও আব্দুস ছালাম।

এ ছাড়া আহত সাতজনের পরিবারকে এক লাখ টাকা করে মোট সাত লাখ টাকা এবং আরও পাঁচজনকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়। আহতদের মধ্যে রাজু পাড়, মো. কবির উদ্দিন বিশ্বাস, মো. জামাল উদ্দিন, মকছেদ সানা, আবুল হোসেন সানা, মো. মঈনুর ইসলাম ও মো. মফিজুল ইসলাম এক লাখ টাকা করে পেয়েছেন। অন্যদিকে মো. জনাব আলী, মিতা দাশ, বিউটি খাতুন, মো. সাহাদাত গাজী ও সামিমের হাতে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সরকারের এই ক্ষতিপূরণের অর্থ দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবের পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram