

জার্মানিতে উচ্চশিক্ষার মান বাড়ার সঙ্গে সঙ্গে দিন দিন বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা থাকলেও এবার সুখবর পেলেন বাংলাদেশি শিক্ষার্থীরাও।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু হবে। নতুন এই ব্যবস্থায় অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।
জার্মান দূতাবাস জানিয়েছে, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই সমস্যা কমিয়ে আবেদন প্রক্রিয়াকে আরো গতিশীল করতেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
দূতাবাসের নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ আরো দ্রুত সম্পন্ন করা যাবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা
আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন।
ভিএফএসের (ভিএফএস গ্লোবাল) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে।
ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে।
প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তন সাময়িকভাবে কিছু অস্বস্তি তৈরি করলেও সামগ্রিকভাবে ভিসাপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।
দূতাবাসের মতে, পুরোনো ব্যবস্থায় দীর্ঘদিন অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য পরিবর্তনটি সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আবেদন করবেন যেভাবে
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ওই পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, জার্মানিতে উচ্চশিক্ষার প্রায় ৩০০ ইনস্টিটিউশন রয়েছে। এর মধ্যে ৮২টি বিশ্ববিদ্যালয়, ১৩৬টি অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় এবং মিউজিক ও ফাইন আর্ট বিষয়ক ৪৬টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ২০ লাখ ছাত্র-ছাত্রীর মধ্যে ১২ শতাংশ বিদেশি। গত ১৫ বছরে জার্মানিতে বিদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।
