

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ঘিরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়ার চরিত্রে সেজে উপস্থিত হয়ে দর্শকদের দৃষ্টি কাড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক। খালেদা জিয়ার আদলে তার উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি করে আবেগঘন এক মুহূর্ত। মাঠভর্তি দর্শকের মাঝে তার এই প্রতিচ্ছবি অনেকের মনে খালেদা জিয়ার স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
দিনাজপুর-৬ আসনের চার উপজেলা ও পৌর এলাকার ২৭টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুরের বিরামপুর ঐতিহ্যবাহী বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এবং সামসুল আলমের ধারাভাষ্যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিরামপুর বড় মাঠে সকাল থেকেই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই মন্ত্রীকে দেখতে এবং ২৭টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত হন।
এ সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক খালেদা জিয়ার চরিত্রে সেজে অনুষ্ঠানে উপস্থিত হলে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। তার পোশাক, সাজসজ্জা ও উপস্থাপনায় খালেদা জিয়ার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। উপস্থিত দর্শকদের অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের উদ্দেশ্য ও অংশগ্রহণকারী দলগুলোর বিষয়ে তুলে ধরা হয়। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন প্রদর্শনী ও আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসবের আবহ তৈরি হয়।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
