

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া-চান্দগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের বুনো ঝোপঝাড়ে অনেক জায়গার সড়ক ঢেকে গেছে। বিশেষ করে সড়কের বাকগুলোর বিপরীত দিক থেকে ছুটে আসা যানবাহন ঝোপঝাড়ে আড়াল পড়ায় প্রায়ই ঘটে মারাত্মক দুর্ঘটনা। প্রতি বছর অসংখ্য যানবাহনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটলেও এসব ঝুঁকিপূর্ণ বাকগুলো নিরাপদ করতে ঝোপঝাড় কেটে পরিষ্কার করতে নির্বাক থাকে সড়ক ও জনপথ বিভাগ।
তবে, এই আঞ্চলিক মহাসড়কটির দক্ষিণভাগ এলাকা থেকে তালিমপুর এলাকা পর্যন্ত ঘন ঝোপঝাড়ে ঝুঁকিপূর্ণ ১৮টি স্পট চিহ্নিত করে সড়ক দুর্ঘটনা রোধে স্বেচ্ছাশ্রমে সেগুলোর বনজঙ্গল কেটে পরিষ্কারের মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখা।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখা বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিধার-নিখড়ি ছড়া ব্রিজ সংলগ্ন সড়কের দুইপাশে ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় ও সড়কের ওপরে থাকা গাছের ডাল-পালা, ময়ল-আবর্জনা পরিষ্কারের মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
বৃহস্পতিবার সকালে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ঝুকিপূর্ণ স্থান নিখড়ি ছড়া ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে ঝোপঝাড় পরিষ্কার, রোড সাইন, মাইলফলক দৃশ্যমান, সড়কের ওপরে থাকা গাছের ডাল-পালা অপসারণ ও পানি নিষ্কাশনের ড্রেনের ময়লা অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নিসচা’র মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা উপদেষ্টা আব্দুর রব, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। শুভেচ্ছা বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচির সদস্য সচিব জমির উদ্দিন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার এসআই শফিক উদ্দিন, তরুণ সংঘের সভাপতি শামীম আহমদ, নিসচার সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, মাসব্যাপী কর্মসূচির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ ছুনু, যুগ্ন সদস্য সচিব ছাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম, সদস্য জাকারিয়া আহমদ, প্রবিনসন সুচিয়াং, সাইদ আহমেদ প্রমুখ।
নিসচা নেতারা স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের মাধ্যমে সড়ক ও জনপদ (সওজ) এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেহেতু এই কাজ সড়ক ও জনপদ বিভাগের কিন্তু আমরা জনদুর্ভোগ নিরসনে জনস্বার্থে এ কাজ করছি। আশকরি তারা আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করবেন। তাছাড়া অতি শীঘ্রই সওজ জেলা কর্মকর্তার সাথে আমরা বৈঠক করার পরিকল্পনা করছি। এর আগে গত বছর মৌলভীবাজার জেলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার সাথে নিসচার একটি প্রতিনিধি দল বৈঠক করি এবং সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপির আলোকে সড়কে কয়েকটা সতর্কীকরণ সাইন দেওয়া হলেও রোড ক্রাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আশানুরূপ কোন কাজ হয়নি।
