

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলেমান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছেলে এবং কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলেমানসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে দেবীপুর এলাকায় যাচ্ছিল। পথে পাতিবিলা বালুগর্ত এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন।
আহত ফরহাদ হোসেন (১৭) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপর আহত তানজিম হোসেন (১৪) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
