

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
ইউরেনিয়ামের চালান পাবনায় পৌঁছানোর আগেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। মূল সড়ক ও বহর চলাচলের পথ থেকে সরিয়ে দেওয়া হয় অন্যান্য যানবাহন ও পথচারীদের। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও ছিল কঠোর নজরদারি।
এর আগে, শনিবার সকাল সোয়া ৭টার দিকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামের বিশেষ চালান। জ্বালানিবাহী তিনটি লরিসহ বহরে ছিল আরও একটি গাড়ি, যাতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও বহরের সঙ্গে ছিলেন।
সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তায় চালানটি পরিবহন করা হয়। বহর চলাচলের সময় সংশ্লিষ্ট সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে কয়েকটি স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ার আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে যাত্রাবিরতি করে। প্রায় পৌনে এক ঘণ্টার বিরতি শেষে আবারও রূপপুরের উদ্দেশে রওনা হয় বহরটি।
প্রসঙ্গত, শুক্রবার (২ অক্টোবর) রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায়। চালানটি গ্রহণ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
জানা গেছে, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান।
