ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

পবিপ্রবিতে অধ্যাপকের শালিকার পিএইচডি সুপারিশ, বিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিকটাত্মীয়ের পিএইচডি পরীক্ষা ও মূল্যায়নসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেনের বিরুদ্ধে। তাঁর স্ত্রীর আপন বোনকে (শালিকা) পিএইচডি ডিগ্রি প্রদানের সুপারিশ ঘিরে এ প্রশ্ন উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনের স্বাক্ষরিত এক চিঠিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক উম্মে কুলসুম শান্তার (রেজিস্ট্রেশন নম্বর: ০২৫৩৪) ডিগ্রি প্রদানের সুপারিশ রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৪তম সভার কার্যসূচি-০৪ অনুযায়ী গঠিত পরীক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উম্মে কুলসুম শান্তা অধ্যাপক কামাল হোসেনের স্ত্রীর আপন বোন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত বিধিমালার ১.২০ ধারায় নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে শান্তার পিএইচডি পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়ায় অধ্যাপক কামাল হোসেনের সম্পৃক্ততা থাকলেও এ ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. কামাল হোসেন বলেন, "আমি কোনো ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করিনি। শুধু চেয়ারম্যান হিসেবে থিসিসের কো-সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলাম। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠলে সবাইকে অবহিত করে সভা থেকে বের হয়ে যাই।"

তবে এ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান বলেন, "তিনি বিষয়টি আমাদের সেভাবে অবহিত করেননি। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠেছিল কি না, তাও আমার মনে পড়ছে না। সেখানে অনেক মানুষ উপস্থিত থাকেন, তাই নির্দিষ্ট করে বলতে পারছি না।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "বিভাগীয় চেয়ারম্যান পদাধিকারবলে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিতে থাকতে পারেন, এতে আইনের ব্যত্যয় হয়নি। তবে নিকটাত্মীয়ের পিএইচডি তত্ত্বাবধায়ক হওয়া বা তাঁর কোনো কোর্স পরিচালনা করা বিধিবহির্ভূত। এ বিষয়ে আবেদন পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পেলে কমিটির সুপারিশ অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram