

মিজানুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় কেউ দিয়েছেন সাড়ে ৭ হাজার টাকা, কেউবা ৩৫ হাজার টাকা। কিন্তু অভিযোগ, টাকা দিয়েও মেলেনি বৈধ সংযোগের নিশ্চয়তা। কোথাও অবৈধভাবে মিটার ও বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ, আবার কোথাও বিদ্যুৎ বিলের কপি হাতে না পেয়েই বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টির অভিযোগ। এমনই নানা অভিযোগ উঠেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিসকে ঘিরে। এসব ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ এনে কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছেন।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, গ্রাহকদের মিটার ও সংযোগের বৈধতা নিশ্চিত এবং কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, তাদের অগোচরে কেউ প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের জনবল ও অবকাঠামো ব্যবহার করেই বিদ্যুতের খুঁটি স্থাপন, তার টানা ও মিটার সংযোগের মতো কাজ সম্পন্ন হয়। তাহলে এসব কার্যক্রম কীভাবে কর্তৃপক্ষের অজান্তে সম্পন্ন হলো? দপ্তরের কার্যক্রমের মধ্য দিয়ে এসব ঘটনা ঘটার পরও কর্তৃপক্ষের এমন বক্তব্যকে অযৌক্তিক বলে মনে করছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মোছা: সাথি খাতুনের কাছ থেকে বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হয়। পরে তার বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটিতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। একইভাবে পৌরসভার লক্ষণহাটি মহল্লার মো: মিজানুর রহমানের কাছ থেকে বিদ্যুতের খুঁটি স্থাপনের কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া হয়। অন্যদিকে একই মহল্লার মো. সামিউল ইসলাম বিদ্যুৎ বিলের কপি না পেয়েও বিল পরিশোধের চাপ দেয়া হচ্ছে।
তিনটি ঘটনায়ই ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী গ্রাহকরা জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তার মাধ্যমেই মিটার ও বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন করেন।
পৌরসভার লক্ষণহাটি মহল্লার মো. মিজানুর রহমান বলেন, বিদ্যুতের একটি খুঁটি, লাইন এবং মিটার স্থাপনের কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। এক বছর ধরে ঘোরানোর পর অন্য জায়গা থেকে একটি খুঁটি এনে অবৈধভাবে এক স্প্যানের বিদ্যুৎ লাইন নির্মাণ করে দেওয়া হয়। মিটার স্থাপনের তিন মাস পেরিয়ে গেলেও তার নামে কোনো বিদ্যুৎ বিল তৈরি হয়নি। এ বিষয়ে অফিসকে অবগত করলে অবৈধ সংযোগের অভিযোগে জরিমানা দাবি করা হয়েছে ১৮ হাজার টাকা। সেই টাকা দিতে না পারায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এ ঘটনায় খুঁটি ও মিটারের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
একই মহল্লার মো: সামিউল ইসলাম অভিযোগ করে বলেন, ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম বিদ্যুৎ সংযোগ নিতে খরচ নিয়েছে ৭ হজার টাকা। গত কুরবানির ঈদের দিন পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তাকে কোনো বিদ্যুৎ বিল সরবরাহ করা হয়নি। মিটারে ৫৯৬ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হলেও বিল না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তার অভিযোগ, বিলের কপি হাতে না দিয়েই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার অনুরোধ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তার।
অন্যদিকে পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোছা: সাথি খাতুন অভিযোগ করে বলেন, বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নেন। ছয় মাস পর তার বাড়িতে একটি মিটার স্থাপন করে দেওয়া হলেও সেটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ তার। ওই মিটারের বিপরীতে তার নামে কোনো বিদ্যুৎ বিলও তৈরি না হওয়াই অফিসকে জানালে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে জরিমানা দিতে হয়েছে প্রায় ৫ হাজার টাকা। এছাড়াও এজিএম এর কথা মতো ভিডিও বক্তব মোবাইল ধারণে বাধ্য করা হয় ভুক্তভোগীকে। কিন্তু তাতেও মেলেনি মিটারের বৈধতা। রেলের জমিতে বসবাসকারী হতদরিদ্র এই নারী মিটারটির বৈধতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম বলেন, এ বিষয়ে অফিস থেকে চিঠির মাধ্যমে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ওই গ্রাহকের বাড়িতে যাইনি, ওয়ারিং করিনি এবং তার সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হেলালুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টি এম মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
