ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

ফের বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আসছে পরিবর্তন

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর তীব্র অসন্তোষের মুখে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘বিরূপ মনোভাব’ এবং জনমতকে প্রাধান্য দিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাবের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ এবং প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রং নির্বাচন করেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে ‘টিসি টুইল খাকি’।

এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও ইতিমধ্যে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় এই বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের এই ইউনিফর্ম দেখা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram