

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে উপজেলা ও রাজবাড়ী জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে মুরতাহিম বিল্লাহ পাভেল।
পাভেলের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই মেধাবী পাভেল ভবিষ্যতে ভাল একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
এর আগে প্রাথমিক ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেন থেকে সুপার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল পাভেল। পড়াশোনার পাশাপাশি তার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা তৈরি করেছে।
পাভেলের বাবা পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুস আলী। মা' সারমিন নাহার লিপি একজন গৃহিণী। পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে তাদের বাড়ি।
পাভেল জানান, তার সাফল্য বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতার ফসল।
পাভেলের বাবা-মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। পাভেলের এমন সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
