

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তিন মাদকসেবীকে আর্থিক দন্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হাওলাদার। এসময় প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ভ্রাম্যমান আদালত তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার পুত্র মোক্তার মোল্লাকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, পুণ্যারটেক গ্রামের মৃত এসএম ফিরোজ মিয়ার পুত্র নজরুল ইসলামকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আঃ গণির পুত্র মোঃ কাশেমকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
