ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2026

ডি-৮ জলবায়ু অধিবেশনে সহজ শর্তে অর্থায়ন ও সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের।

মোঃ শহীদুল হক
আনতালিয়া, তুরস্ক থেকে

আজ ১৭ নভেম্বর ২০২৬: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর সহজতরকরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইনে আয়োজিত ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ অঙ্গীকার বাস্তবায়ন এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অধিবেশনে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীসমূহ উপস্থাপন করা হয়। প্রস্তাবে জলবায়ু সংক্রান্ত যৌথ অঙ্গীকারকে বাস্তবভিত্তিক কার্যক্রমে রূপান্তর এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সদস্যরাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালীকরণ, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি। এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং চক্রাকার অর্থনীতির বিকাশে সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরা হয়।

ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতা কার্যকর ও ফলাফলভিত্তিক করার লক্ষ্যে বাংলাদেশ ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকরকরণ, সদস্যরাষ্ট্রগুলোর মনোনীত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি টিম গঠন এবং ২০২৭–২০৩০ মেয়াদের জন্য বাস্তবায়নযোগ্য ও ফলাফলভিত্তিক রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব করে।

প্রস্তাবিত রোডম্যাপে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে অর্থায়ন প্রাপ্তির সুযোগ সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয়ভাবে উপযোগী প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণ, লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের বিষয়সমূহ বাংলাদেশের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বর্জ্য উৎপাদন হ্রাস, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব করা হয়। এ ছাড়া কম্পোস্ট, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা, নিঃসরণ নিয়ন্ত্রণ এবং অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করে উপযুক্ত অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি পুনরুদ্ধারের সম্ভাবনা মূল্যায়নের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
প্রস্তাবিত সহযোগিতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সদস্যরাষ্ট্রগুলোর পক্ষ থেকে কারিগরি টিমে প্রতিনিধি মনোনয়ন এবং একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজনের প্রস্তাব করে বাংলাদেশ। একই সঙ্গে ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্মের কার্যপরিচালনা কাঠামো এবং প্রস্তাবিত রোডম্যাপের খসড়া সদস্যরাষ্ট্রগুলোর বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে কপ৩১-পরবর্তী সময়েও সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জলবায়ু সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা এবং কার্যকর অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উদ্যোগ ও পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বাংলাদেশের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার, সরকারের গৃহীত উদ্যোগ এবং প্রস্তাবিত আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের সংশোধনীসমূহ উপস্থাপন করেন।

অধিবেশনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও কপ৩১ সভাপতি মুরাত কুরুম, ডি-৮ সংস্থার মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram