ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও বৃত্তির সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা) রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সাফল্য মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তবে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি এবং মানুষের প্রতি ভালোবাসা। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের রীতিনীতি ও মূল্যবোধ ধরে রাখার দায়িত্বও নতুন প্রজন্মের।

তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান, গণিত, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। কৃতী শিক্ষার্থীরা যদি সমাজে বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে, তাহলে বড় ধরনের পরিবর্তন সম্ভব। কারণ গণিত ছাড়া পদার্থবিদ্যা, আর পদার্থবিদ্যা ছাড়া প্রকৌশল ও প্রযুক্তির উৎকর্ষ সম্ভব নয়।

শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণি পাস করেও যদি তার জ্ঞানের মান সপ্তম শ্রেণির পর্যায়ে থাকে, তাহলে সেটি বড় সমস্যা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে তার জ্ঞানের মানও দ্বাদশ শ্রেণির সমপর্যায়ে হতে হবে। কৃতী শিক্ষার্থীরা নিজেদের অর্জন ও অভিজ্ঞতার মাধ্যমে এ পরিবর্তনের রোল মডেল হতে পারে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল লক্ষ্য নাগরিকত্ববোধ তৈরি, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি। নতুন প্রজন্মকে জ্ঞান অনুসন্ধান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতী শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বকে এগিয়ে নেবে—এটাই প্রত্যাশা।

সভাপতি আবু সালেহ আকন বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তোমরা নিজেদের আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্শিয়াল (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, এসবিএসি ব্যাংকের ব্রান্ডিং কমিউনিকেশন এবং পালবিক রিলেশন বিভাগের প্রধান মো আসাদুল্লাহিল গালিব।

এতে বক্তব্য রাখেন ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক এম এম জসিম ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ'র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল আমিন আজাদ। অনুষ্ঠানে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৩১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তি তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram