

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তাঁরা একজন অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।
বাইসাইকেল বিতরণ শেষে ইউএনও কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য উৎসাহিত করেন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদের এমন উদ্যোগে প্রত্যন্ত এলাকার অসচ্ছল শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। একই সঙ্গে হুইল চেয়ার পাওয়ায় অসহায় ব্যক্তির চলাচলেও কিছুটা সুবিধা হবে।
