

কিশোরগঞ্জ প্রতিনিধি: ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ এবং নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়ী, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনির সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী।
সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করা জরুরি। এ জন্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কনসালটেন্ট মোশতাক হাসান মো. ইফতেখার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী, নারী নেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বক্তব্য রাখেন।
অ্যাডভোকেসি সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা সদরের ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন।
