ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

খাবারের সাথে বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা ও বাবা আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ওয়াসকুরুনি নামে দুই বছরের এক শিশুকে খাবারের সাথে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ মা ও বাবার বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা মোছাঃ শেফালী গৌরীপুর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত সৎ মা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল কাদিরের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে। ২০১৫ সালে আব্দুল কাদির উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বড় কালীহর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মোছা. শেফালিকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) নামে দুটি সন্তান রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে আইনিভাবে আব্দুল কাদিরের সাথে শেফালীর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের এক সপ্তাহ পর আব্দুল কাদির বিয়ে করেন বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মেয়ে আকলিমাকে। এরপর দুই সন্তান জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) ও দ্বিতয়ী স্ত্রী আকলিমাকে নিয়ে আব্দুল কাদির একসাথে বসবাস করতো।

গত মঙ্গলবার দুপুরে আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম খাওয়ায় ও পানি পান করায়। এরপর শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে গেলে শিশুটি কাশতে শুরু করে। কাশির শব্দ শুনে ঘরে ছুটে এসে দাদী আছিয়া আক্তার শিশুটির মুখে বিষের গন্ধ পায়। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুর মা মোছাঃ শেফালী বলেন, আকলিমার সাথে পরকীয়ার কারণেই আমাকে তালাক দিয়ে আকলিমাকে বিয়ে করে আব্দুল কাদির। গত ৬ অক্টোবর আমার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে কাদির ও তার স্ত্রী আকলিমা। আমাকে না জানিয়ে সৎ মাকে আসল মা সাজিয়ে হাসপাতাল থেকে ছেলের লাশ বাড়িতে নিয়ে আসে। আমার ছেলে হত্যার বিচার চাই।

আব্দুল কাদির বলেন, ঘটনার দিন আমি ছেলে ওয়াসকুরুনিকে ভালো দেখে খড় আনতে যাই ঢালিয়া বিলে। ঢালিয়া বিলে থাকাবস্থায় আমি খবর শুনি ছেলে বিষ খাইছে। পরে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালেই ছেলে মৃত্যুবরণ করে।

শিশুর দাদী আছিয়া বলেন, ঘটনার দিন নাতির কাশি শুনে ঘরে ঢুকে দেখেন নাতিকে নিয়ে তার সৎ মা শুয়ে আছে। তখন তিনি নাতিকে সেখান থেকে টান দিয়ে বাইরে করে দেখেন মুখে বিষ গন্ধ করছে। পরে তার চাচারা বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গেলে নাতি মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram