ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2026

বৃষ্টির পানিতে ডুবেছে ফসলি জমি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। গত ২৪ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে জমেছে পানি। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।

মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।

উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।

নাভারণ এলাকার কৃষক আমির হোসেন বলেন, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

শুধু কৃষক নয়, টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষেরও। ভ্যানচালক ও শ্রমজীবী ইসমাইল ও আলফাজ হোসেন জানান, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হওয়া এবং দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, ‘বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।

অন্যদিকে সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।

কৃষকদের আশঙ্কা,বৃষ্টি দ্রুত থেমে রোদ না উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে নিচু জমির সবজি আবাদও ক্ষতির মুখে পড়তে পারে। তাই দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন ও আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন শার্শার কৃষক পরিবারগুলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram