

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে সেন্টমার্টিনসংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার (আইএমবিএল) কাছে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মায়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের অভিযানিক দল সমুদ্রে ফেলে দেওয়া বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
