

বিদায়ী মঞ্চটা প্রস্তুতই ছিল। বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন ফিফার টুর্নামেন্ট শেষেই ফ্রান্সের ডাগআউট ছাড়বেন দিদিয়ের দেশম।
ক্যারিয়ারের শেষটা তাই জয়ে রাঙাতে চেয়েছিলেন দেশম। তবে কপালে জুটেনি তার। গুরুকে জয় উপহার দিতে পারেননি শিষ্যরা।
গতকাল মায়ামিতে গোলবন্যার ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-৬ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ম্যাচ হারতেই ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। কোচ হিসেবে দীর্ঘ দিনের সম্পর্ক বলেই ম্যাচ শেষে হতেই বিদায়বেলা আর চোখের পানি ধরে রাখতে পারেননি দেশম।
বিদায় বেলা দেশমকে ধন্যবাদ জানাতে ভুলেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
এক বিবৃতি দিয়ে তার অবদানকেই স্মরণ করেছে এফএফএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অসাধারণ সব সাফল্যের জন্য কোচ দিদিয়ের দেশমকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে এফএফএফ। ১৪ বছর ধরে তার দূরদর্শী নেতৃত্বে বিশ্বমঞ্চে তাদের হারানো মর্যাদা, সম্মান এবং কোটি ভক্তের ভালোবাসা ফিরে পেয়েছে ফ্রান্স। শুধু তাই নয়, বিশ্ব ফুটবলের শীর্ষস্থান ধরে রেখে ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালের নেশনস লিগ জয় এবং বেশ কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার মাধ্যমে ধারাবাহিকতার এক অনন্য নজির স্থাপন করেছে। ফরাসি ফুটবল ফেডারেশন তার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে।
দীর্ঘ ক্যারিয়ারে ১৮৭ ম্যাচ ফ্রান্সের ডাগআউটে দাঁড়িয়েছেন দেশম। এর মধ্যে ১২২ জয়ের বিপরীতে ৩৩ ম্যাচে হার দেখেছেন। বাকি ৩২ ম্যাচ ড্র হয়েছে। কোচ হিসেবে ফ্রান্স বিশ্বকাপ জয়ের আগে অধিনায়ক হিসেবে সোনালি ট্রফিটা জিতিয়েছেন তিনি, ১৯৯৮ বিশ্বকাপে।
দেশমের বিদায়ে একটা অধ্যায়েরই অবসান হলো। ৫৭ বছর বয়সী কোচের স্থলাভিষিক্ত ঠিক করেছে ফ্রান্স। দেশটির আরেক কিংবদন্তি জিনেদিন জিদান হবেন তার উত্তরসূরি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডারের নাম ঘোষণা করবে ফ্রান্স।
