

বিশ্বকাপ শিরোপাধারী আর্জেন্টিনা দল শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। রোববার (৩১ মে) মিসৌরিতে অবতরণ করে লিওনেল স্কালোনির দল। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
বুয়েনস আয়ার্সে এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ হাজার মাইল পাড়ি দিয়ে ১১ ঘণ্টার ফ্লাইট শেষে দলটি মিসৌরিতে পৌঁছে। আর্জেন্টিনার জাতীয় বিমান সংস্থার চার্টার ফ্লাইটটির নম্বর ছিল ১৯৭৮। এটি ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের স্মরণে রাখা হয়। ওই আসরে স্বাগতিক হিসেবে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
দলকে বহনকারী এয়ারবাস এ৩৩০ বিমানটিতেও ছিল বিশেষ আয়োজন। বিমানের লেজে আর্জেন্টিনার নীল-সাদা রঙের সঙ্গে স্থান পায় লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। পাশাপাশি আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতীক হিসেবে ছিল তিনটি সোনালি তারকা।
ক্যানসাস সিটি অঞ্চলে বিশ্বকাপের জন্য ঘাঁটি গাড়া চারটি দলের মধ্যে সবার আগে পৌঁছেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া এই সপ্তাহেই সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
দলের বেশিরভাগ সদস্য চার্টার ফ্লাইটে এলেও বিশ্বের বিভিন্ন ক্লাব থেকে কয়েকজন ফুটবলার পরে যোগ দেবেন। বিমান থেকে নেমে খেলোয়াড় ও কর্মকর্তারা সরাসরি বাসে করে হোটেলের উদ্দেশে রওনা হন।
ফুটবলাররা যখন বাসে করে হোটেলের দিকে যাচ্ছিলেন, তখন আশপাশে দেখা গেছে ভক্ত-সমর্থকদের। তারা মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে নানা স্লোগান দেন। লাফিয়ে, নেচে-গেয়ে উল্লাস করতেও তাদের দেখা যায়।
মেসি ও তার সতীর্থরা অবস্থান করবেন মিসৌরির ডাউনটাউন ক্যানসাস সিটির কাছে অবস্থিত অরিজিন হোটেলে। দলটির নিরাপত্তার জন্য হোটেলের চারপাশে বেড়া দেওয়া হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেলের ভেতর ও বাইরে আর্জেন্টিনা দলকে ঘিরে বিভিন্ন পোস্টার, সাইনেজ এবং সাজসজ্জা রাখা হয়েছে। ভবনের বাইরেও দেখা যায় দলের কয়েকজন তারকা ফুটবলারের বড় ছবি।
রোববার হালকা অনুশীলনের পরিকল্পনা ছিল দলের। বাকি খেলোয়াড়দের অপেক্ষায় হোটেলের জিমে অনুশীলন করে তারা। সোমবার স্পোর্টিং ক্যানসাস সিটির অনুশীলন কেন্দ্র কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন করবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তারা। তিন দিন পর আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে শেষ প্রস্তুতি ম্যাচ।
গত বৃহস্পতিবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন লিওনেল মেসি। আগামী এক মাসের কম সময়ের মধ্যে তার বয়স হবে ৩৯ বছর। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যও এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন।
এবার মেসির ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে তিনি জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া ও কাতার বিশ্বকাপে খেলেছেন। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও পর্তুগালের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন।
(সূত্র: ইয়াহু নিউজ)
