

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীর পথরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু (৩০) ও আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া এলাকার আবু সাঈদ (৩৪)।
রোববার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।
তিনি জানান, রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার হন মো. সুজন মিয়া (৩২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার আশুলিয়ার নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করেন।
ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গতি কমালে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় ধারালো চাপাতি ও চাকু দেখিয়ে তাঁর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন চাপাতি দিয়ে সুজনের বাঁ হাতের কবজির ওপর দুটি কোপ দেয়। এতে তাঁর হাত গুরুতর জখম হয়। পরে তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় সুজন মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজিব হোসেন রাজু ও আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিবের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, স্মার্টফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর আসামি আবু সাঈদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া নগদ দুই হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
