ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৫
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই আজ

সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারই ভারতের কাজটা কঠিন করে তুলেছে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয়ের পরও তাই এখন বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সেমিফাইনালে যেতে হলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে জয়ের বিকল্প নেই ভারতের। একই প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া ক্যারিবিয়ানরা দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি। সেমিফাইনালে জায়গা করে নিতে তাই আজ জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকেও। একই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে আগেই সেরা চার নিশ্চিত করে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের জন্য আশার খবর হচ্ছে, শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাটাররা।

বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মা। অবিশ্বাস্য ফর্ম নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখা এই তরুণ ওপেনার গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইট পর্বেও ১৫ রানের বেশি করতে পারেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

এ ছাড়া ঈশান কিষান, সূর্যকুমার, হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মা—সবাই ছন্দে আছেন। বোলিংয়ে অবশ্য স্পিন বিভাগে সুবিধা করতে পারছেন না বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা। ভরসা দুই পেসার জসপ্রিত বুমরাহ ও আশদ্বীপ সিং।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। তবে নির্দিষ্ট দিনে ম্যাচ বের করার মতো টি-টোয়েন্টির বড় তারকার অভাব নেই দলটিতে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে ক্যারিবীয়দের এই দিকটার কথাই মনে করিয়ে দিয়েছেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা টি-টোয়েন্টির জন্য ভালো দল। বিশ্বের যেকোনো দলের মতোই তাদের শক্তি ও সামর্থ্য রয়েছে। খেলাটি যখন টি-টোয়েন্টি হয় আমরা সবাই জানি, ওয়েস্ট ইন্ডিজ সবকিছু উজাড় করে দেয়। আজকের মুহূর্তটি তাদের জন্য অনেক বড়।’ দল হিসেবে ভারত যে ক্যারিবীয়দের এই চ্যালেঞ্জ নিতে তৈরি, সেটাও জানিয়েছেন ডেসকাটে, ‘আমরা এই চ্যালেঞ্জ নিতে চাই এবং আগামীকাল (আজ) আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আশা করি, ভালো একটি ম্যাচ হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram