ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৯
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

'আমেরিকান কারি অ্যাওয়ার্ডস' পুরস্কার জিতলেন মনপুরার ছেলে শাখাওয়াত

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশের আতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরার ছেলে মোঃ শাখাওয়াত হোসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তিনি অর্জন করেছেন ‘বেস্ট হসপিটালিটি আইকন’ খেতাব।

খালিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইউএসএ এবং আশা গ্রুপ ইউএসএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের শীর্ষ হোটেলিয়ার, রন্ধনশিল্পী ও আতিথেয়তা পেশাজীবীরা একত্রিত হন। প্রথমবারের মতো আয়োজিত এই আয়োজনে ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়, যেখানে শাখাওয়াত হোসেনের নেতৃত্বগুণ, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং আতিথেয়তা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

শাখাওয়াত হোসেনের জন্ম ভোলা জেলার মেঘনা বেস্টিত দ্বীপ মনপুরা উপজেলায়। তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মোঃ শাজাহান মাষ্টারের জেষ্ঠ্য পুত্র। শৈশবে তিনি এখানেই বেড়ে ওঠেন। স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শেষ করে তিনি উপজেলার হাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করেন এবং চাকরি জীবনে প্রবেশ করেন।

শাখাওয়াত হোসেন বর্তমানে দেশের শীর্ষস্থানীয় হোটেলসমূহ—দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা: আ প্রিমিয়াম রেসিডেন্স—এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আতিথেয়তা শিল্পে ফুড কস্ট অপ্টিমাইজেশন ও পরিচালন দক্ষতায় তার বৈপ্লবিক অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

করপোরেট নেতৃত্বের পাশাপাশি শাখাওয়াত হোসেন একাডেমিক অঙ্গনেও সমানভাবে উজ্জ্বল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি করছেন এবং একই বিভাগে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করছেন।

তার উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১ – এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া ২০২৪ – সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস, বাংলাদেশের সেরা হোটেলিয়ার – হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স, আন্তর্জাতিক বিচারক, শেফস ক্যুলিনারি কাপ, কোরিয়া ২০২৪–২৫ পুরস্কার। এছাড়াও বাংলাদেশ মনিটর আয়োজিত ‘বাংলাদেশ ট্রাভেল’, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস থেকে ‘হোটেলিয়ার অব দ্য ইয়ার-২০২৪ পুরস্কার’, ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে ‘হসপিটালিটি প্রফেশনাল অব বাংলাদেশ-২০২৪’, হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়র্স অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্সের পক্ষ থেকে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার।

বর্তমানে তিনি শেফস ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (ঢাকা চ্যাপ্টার)-এর পরিচালক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বাংলাদেশ-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

গত ২৪ মে নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram