

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে বৃহস্পতিবার (২৫ জুন) আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়কের গোলাম মোস্তফার পুত্র।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান, তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, নিহত আলিফ মাহমুদ গাজীপুর এলাকায় গার্মেন্টসে কাজ করতো। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল বেলায় কৃষক বেগুন খেতে বেগুন উঠাতে যাওয়ার সময় বিলে এক যুবকের লাশ দেখতে পায়। তারপর পুলিশকে খবর দেয়। গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বুধবার রাতে কোনো এক সময় এ যুবককে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে।
