

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমের রোপা আমন উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম এবং সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনজুর মোর্শেদ পলাশ।
খরিপ মৌসুমে উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি (DAP) সার ১০ কেজি, এমওপি (MOP) সার ১০ কেজি বিতরণ করা হয়।
উদ্বোধনকালে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
