

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের মহেশপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলায় রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মহেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার উপজোলার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় ছয় মাস আগে একই বিরোধকে কেন্দ্র করে মাওলা নামে এক ব্যক্তি নিহত হন। ওই হত্যা মামলায় দেলোয়ার হোসেনকে আসামি করা হলে তাঁর পরিবার গ্রাম ছেড়ে রাশিদা আক্তারের বাবার বাড়িতে বসবাস শুরু করে।
স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে রাশিদা আক্তার তাঁর দুই মেয়েকে সঙ্গে নিয়ে নিজেদের গরু বাবার বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে মহেশপুর বাজার এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় রাশিদা আক্তার গুরুতর আহত হন এবং তাঁর দুই মেয়েও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর বোনের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
