

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: দেশ ও সমাজের পরিবর্তন চাইলে অন্যকে দোষারোপ না করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ও অবদান রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা, উদ্ভাবন ও সৃষ্টিশীলতার পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের বাজারের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ক্রেতার চাহিদা ও তরুণ প্রজন্মের রুচির পরিবর্তন নিয়ে আগাম গবেষণা জরুরি।
পরিবর্তনের প্রতি অনীহাকে অগ্রগতির বাধা উল্লেখ করে তিনি বলেন, নতুন কিছু করতে গেলে সমালোচনা ও চ্যালেঞ্জ আসবেই। তবে সেই ভয়ে প্রচলিত ধারায় আটকে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
সমাজের বিভিন্ন সমস্যার জন্য শুধু প্রশাসনকে দায়ী না করে নাগরিকদের নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি—এভাবে সমাজ পরিবর্তন হবে না। সমাজের প্রতি আমার নিজের অবদান কী, সেদিকেও আমাদের তাকাতে হবে।’
তিনি বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক—সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সমৃদ্ধ দেশ রেখে যেতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
