

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সারা বিশ্বের মতো পাবনার চাটমোহর উপজেলাতেও নানা আয়োজনে পালিত হয়েছে যীশু খ্রিস্টের জন্মতিথি ‘বড়দিন’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বৃহত্তম খ্রিস্টান ধর্মপল্লী মথুরাপুরে সকাল সাড়ে সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, ফাদার পিউস গমেজ এবং ফাদার জেভার্স গাব্রিয়েল মুর্মূ। প্রার্থনা শেষে ধর্মপল্লী চত্বরে কেক কাটা, আলোচনা সভা এবং দলীয় কীর্তন পরিবেশন করা হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিস্টার ইগ্নাসিউস গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যান্যরা।
বড়দিন উপলক্ষে চাটমোহরের খ্রিস্টান পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয় ও বাড়িঘর আলোকসজ্জায় সাজানো হয়েছে। পাশাপাশি গোশালা নির্মাণ ও ক্রিসমাস ট্রি সাজানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে।
