

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির আওতায় ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিট লেআউট চূড়ান্তকরণ বিষয়ক দুটি কর্মশালা বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীরের সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন।
প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিনিয়ত উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের দুই কর্মশালার মাধ্যমে প্রস্তুতকৃত ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলো ক্রিলিক-এর জ্ঞান ব্যবস্থাপনা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর বলেন, আজকের এই কর্মশালা দুটির মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশমালা ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলোকে নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে। ক্রিলিকের মূল লক্ষ্যই হলো জলবায়ু সহনশীল অবকাঠামোর সফল মডেল ও অভিজ্ঞতাগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রকল্প শেষ হয়ে গেলেও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মোঃ ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মোঃ রায়হান সিদ্দিক ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মোঃ আব্দুল নূর, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান ভূইয়া, মোঃ মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।
